মোঃ ফারুক মিয়া :
সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ আজ শুক্রবার বাদ জুম্মা সিলেট সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ডে তেলিরাই জামে মসজিদের মুসল্লীদের সাথে কুশল বিনিময় ও গণসংযোগ করেন।
এসময় তিনি স্থানীয় মুসল্লী ও এলাকাবাসীর সঙ্গে কথা বলেন, শোনেন তাঁদের বিভিন্ন সমস্যা ও দাবি–দাওয়া। স্বাস্থ্যসেবা, রাস্তাঘাট, ড্রেনেজব্যবস্থা ও অন্যান্য নাগরিক সুবিধা নিয়ে জনগণের মতামত গ্রহণ করেন তিনি।
দিনের অন্য অংশে ব্যারিস্টার জুনেদ শিববাড়ি জৈনপুর এলাকাতেও গণসংযোগ করেন। পথসভা ও সরাসরি আলাপচারিতার মাধ্যমে তিনি স্থানীয়দের অভাব–অভিযোগ ও উন্নয়ন সংক্রান্ত প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত হন।
গণসংযোগ চলাকালে ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ একটি উঠান বৈঠকে বলেন,
“আপনারা মা–চাচীরা আমাকে বিজয়ী করলে—স্বাস্থ্যসেবা একদম সাশ্রয়ী মূল্যে আপনাদের ঘরের কাছেই পৌঁছে দেবো, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, মানুষের মৌলিক সেবা নিশ্চিত করাই হবে তাঁর প্রধান অঙ্গীকার। এলাকার স্থায়ী উন্নয়ন, কর্মসংস্থান ও সুস্থ সামাজিক পরিবেশ গড়তে তিনি জনগণের সহযোগিতা কামনা করেন।
মোগালা বাজার কন্দিয়ারচরে পৃথক আরেকটি মত বিনিময় করেন সনাতন ধর্মাবলম্বীদের সাথে। এসময় ব্যারিস্টার নূরুল হুদা জুনেদ বলেন সাম্প্রদায়িকতার একটি আসন হবে সিলেট-৩ আসনে। একে অন্যের প্রতি সহনশীলতা সৌহার্দপূর্ণ সুসম্পর্কের আচরণ থাকা প্রয়োজন থাকবে একে অন্যের ধর্মের প্রতি।
গণসংযোগে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।