নিজস্ব প্রতিবেদক:
সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদকে ঘিরে ফেঞ্চুগঞ্জ, সিলেট নগরী ও দক্ষিণ সুরমায় ছিল প্রাণবন্ত রাজনৈতিক তৎপরতা।
ফেঞ্চুগঞ্জ উপজেলার পালবাড়ী বিএনপি অফিসে স্থানীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ। এ সময় তিনি বেগম জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে নেতাকর্মীদের ধৈর্য, ঐক্য ও গণতান্ত্রিক চেতনা ধারণের আহ্বান জানান।
এছাড়া মঙ্গলবার সিলেট সিটি কর্পোরেশনের ৪২ নং ওয়ার্ডের শ্রীরামপুর বাজার এলাকায় ব্যাপক গণসংযোগ করেন তিনি। বাজারের বিভিন্ন দোকানপাট, স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন এই প্রার্থী। জনতার সাথে কথা বলে তিনি এলাকার সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে মতামত নেন এবং উন্নয়নমুখী রাজনীতির অঙ্গীকার ব্যক্ত করেন।
অন্যদিকে সোমবার দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের টাকির মহল জামে মসজিদে যোহরের নামাজ আদায় করেন ব্যারিস্টার জুনেদ। নামাজ শেষে তিনি স্থানীয় মুসল্লী, মুরব্বি ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এলাকাবাসীর খোঁজখবর নিয়ে তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন তিনি।
এই তিনটি কর্মসূচিই স্থানীয় জনসম্পৃক্ততা ও জনআস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।