মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমানের পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে সিলেট শিক্ষা বোর্ডের ১৪১ জন শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে। এর মধ্যে ৩১ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছে।
রোববার দুপুরে সিলেট শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক শরীফ আহাম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চলতি বছর বোর্ড চ্যালেঞ্জে ১,৬১৫ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। এসব আবেদন যাচাই-বাছাই করে বোর্ড ৫৩,৯৩৮টি খাতা পুনঃনিরীক্ষণের জন্য গ্রহণ করে।
পুনঃনিরীক্ষায় ৪৩৩ জন শিক্ষার্থীর ৪৪১টি খাতার নম্বরে পরিবর্তন আসে। এর মধ্যে ১৪১ জনের সামগ্রিক ফলাফল বদলে যায়। নতুনভাবে ৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। তবে ফেল অবস্থায় থাকা কেউ জিপিএ-৫ পায়নি।
উল্লেখ্য, গত ১৬ অক্টোবর প্রকাশিত এইচএসসি ও সমমানের ফলাফলে সিলেট বোর্ডে পাসের হার ছিল ৫১.৮৬ শতাংশ, যা গত সাত বছরের মধ্যে সর্বনিম্ন। সেই পরীক্ষায় ১,৬০২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন।
ফল প্রকাশের সময় সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী জানান, পূর্ণ সিলেবাসে নিবন্ধিত ৬৯,৯৪৪ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৬৯,১৭২ জন। তাদের মধ্যে ৩৫,৮৭১ জন পাস করে—যাদের মধ্যে ১৩,৮৭০ জন ছেলে ও ২২,০০১ জন মেয়ে।
গত বছর ২০২৪ সালে সিলেট বোর্ডে পাসের হার ছিল ৮৫.৩৯ শতাংশ।