ডেস্ক রিপোর্ট :
কুমিল্লা থেকে নিখোঁজ হওয়া দুই কিশোরীকে সিলেটের শাহজালাল (রহ.) মাজার এলাকা থেকে উদ্ধার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে নিয়মিত টহলের সময় পুলিশ সদস্যরা তাদের অস্বাভাবিকভাবে ঘোরাফেরা করতে দেখে থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে যায়।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে ১৪ ও ১৫ বছর বয়সী দুই কিশোরী জানায় যে রোববার সকাল ৯টার দিকে তারা কুমিল্লার বাড়ি থেকে স্কুলে পরীক্ষায় অংশ নিতে বের হয়েছিল। স্কুলের পথে একটি অটোরিকশায় ওঠার পরের ঘটনার কিছুই তাদের মনে নেই। কীভাবে তারা কুমিল্লা থেকে সিলেটে এসে পৌঁছেছে সে সম্পর্কেও তাদের কোনো ধারণা নেই। জ্ঞান ফেরার পর জানতে পারে তারা সিলেটে অবস্থান করছে।
পরে পুলিশ তাদের পরিচয় নিশ্চিত করে পরিবারের সঙ্গে যোগাযোগ করে। খবর পেয়ে কিশোরীদের অভিভাবকরা থানায় এসে কাগজপত্র সম্পন্নের পর সন্তানদের নিজেদের জিম্মায় নিয়ে যান।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) ও মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “ভিকটিমদের উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কীভাবে তারা কুমিল্লা থেকে সিলেট এসেছে তা উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।”