ডেস্ক রিপোর্ট :
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রোববার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে মেডিকেল বোর্ড তার স্বাস্থ্যের ওপর বিশেষ নজর রাখছে।
সোমবার খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাতে বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
ডা. জাহিদ হোসেন বলেন, “চেয়ারপারসন দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন মহান আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করেন।” তিনি জানান, মেডিকেল বোর্ড খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সব চিকিৎসা দিচ্ছে।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে ১১৭ দিন অবস্থানের পর ৬ মে তিনি দেশে ফেরেন। দেশে ফিরে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবেই তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। তার সর্বশেষ শারীরিক জটিলতার পরিপ্রেক্ষিতে পুনরায় ভর্তি করে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।