মোঃ ফারুক মিয়া ::
ওমেন্স ফুটবল লীগ ২০২৫/২৬ মৌসুমে জামালপুর কাচারীপাড়া যুব উন্নয়ন সংস্থার হয়ে খেলবেন তরুণী ফুটবলার লতা ব্যানার্জী। সম্প্রতি নতুন ক্লাবের সঙ্গে তার চুক্তি সম্পন্ন হয়েছে। সিলেটের স্বনামধন্য ফুটবল একাডেমি জুম্মন লুসাই স্পোর্টস একাডেমিতে নিয়মিত প্র্যাক্টিস করেন এছাড়াও সিলেট জেলা ও বিভাগের হয়ে খেলেছেন তিনি।
এর আগে লতা ব্যানার্জী ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের হয়ে ওমেন্স ফুটবল লীগে অংশগ্রহণ করে নিজের দক্ষতা ও পারফরম্যান্স দিয়ে দৃষ্টি কেড়েছিলেন। মাঠে তার গতিশীলতা, পরিশ্রমী মানসিকতা ও দলগত খেলায় অবদান তাকে একজন সম্ভাবনাময় ফুটবলার হিসেবে পরিচিত করে তোলে।
নতুন মৌসুমে নতুন ক্লাব ও নতুন চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামতে মুখিয়ে আছেন লতা ব্যানার্জী। তিনি জানান, জামালপুর কাচারীপাড়া যুব উন্নয়ন সংস্থার জার্সিতে নিজের সর্বোচ্চটা দিয়ে খেলতে চান এবং দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখাই তার প্রধান লক্ষ্য।
আসন্ন ওমেন্স ফুটবল লীগে লতা ব্যানার্জীর অন্তর্ভুক্তিতে জামালপুর কাচারীপাড়া যুব উন্নয়ন সংস্থার দল আরও শক্তিশালী হবে বলে মনে করছেন ফুটবল সংশ্লিষ্টরা। নতুন মৌসুমে তার পারফরম্যান্স নিয়ে আশাবাদী সমর্থকরাও।