মোঃ ফারুক মিয়া :
আধিপত্যবাদবিরোধী সংগ্রামের শহিদ বিপ্লবী ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিতের দাবিতে সিলেটে রাজপথে নেমেছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুরে সিলেট সরকারি মদনমোহন কলেজের লামাবাজার এলাকা থেকে পদযাত্রা শুরু হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার চৌহাট্টায় গিয়ে শেষ হয়। পদযাত্রা শেষে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশে যেখানে ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় পরিচয়পত্র তৈরি করা সম্ভব, সেখানে একটি হত্যাকাণ্ডের বিচার এক মাস পেরিয়ে গেলেও দৃশ্যমান অগ্রগতি নেই। তারা বলেন, ওসমান হাদি হত্যার বিচারকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চলছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বক্তারা দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে বলেন, বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে সমাজে অপরাধ আরও বাড়বে। তাই অবিলম্বে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানান তারা।
শান্তিপূর্ণ এই কর্মসূচিতে বক্তব্য রাখেন সরকারি মদনমোহন কলেজের শিক্ষার্থী শেখ হাবিব রহমান ও তানভীর ইসলাম তানিম, সাবেক শিক্ষার্থী ও হেডওয়ে ইঞ্জিনিয়ারিং কলেজের আল আমিন আহমেদ ইমন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. ফারুক কাজী এবং দক্ষিণ সুরমা সরকারি কলেজের সাব্বির আহমেদসহ আরও অনেকে।