নিজস্ব প্রতিবেদক :
সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক মিজান আহমদ রাফি-এর বাসায় ২৮ আগস্ট বুধবার হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকাল চারটার দিকে সিলেট গঙ্গানগর, মোগলা বাজার, কদতলী এলাকায় রাফি-এর বাসায় ১০ থেকে ১৫টি মোটরসাইকেলে ২৫/৩০ জন যুবক গিয়ে এ হামলা চালায়। এ সময় হামলাকারীরা বাসায় ঢুকে আসবাবপত্র ভাংচুর ও লুটপাট করে। হামলার সময় তাঁর পরিবারের লোকজন আহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
সরেজমিন দেখা যায়, মিজান আহমদ রাফি-এর বাসার প্রায় সব কক্ষের আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। দরজা-জানালাসহ বিভিন্ন আসবাবের কাঁচ ছড়িয়েছিটিয়ে রয়েছে। অনেক আসবাবপত্র ওলটপালট অবস্থায় পড়ে রয়েছে। আলমারি, চেয়ার- টেবিল, ফ্রিজ, এসি, সিসি ক্যামেরা ভাঙচুর করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র দাবি করেছে, ফেইসবুকে দলীয় প্রচার ও প্রচারনা পোস্ট করতেন মিজান আহমদ রাফি। তারই পরিপ্রেক্ষিতে প্রতিহিংসা পরায়ন তার বাসায় এ হামলা করা হয়েছে।
দুইজন প্রত্যক্ষদর্শী বলেন, ছাত্রলীগ নেতা রাফি-এর বাসা হামলা ও ভাংচুরের ঘটনায় বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের অংশ নিতে দেখেছেন। এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম-এর সাথে যোগাযোগ করলে তিনি জানান বিষয়টি আমি শুনেছি। কে বা কারা এটা করেছে, তা জানার চেষ্টা করছি।