ডেস্ক রিপোর্ট :
সিলেট জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক সাদমান শরীফের বাসায় তৃতীয় দফায় হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে এভারগ্রিন–৬২, ঝেরঝেরীপাড়া, কুমারপাড়া এলাকার ওই বাসায় হামলা চালানো হয়। স্থানীয় সূত্র ও পরিবার দু’পক্ষের বক্তব্যে জানা গেছে, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজহার অনিকের নেতৃত্বে এই হামলা সংঘটিত হয়েছে বলে অভিযোগ উঠেছে।
পরিবারের সদস্যরা জানান, হামলাকারীরা প্রথমে সাদমান শরীফের বাবার খোঁজ করেন। তাকে না পেয়ে তারা সাদমানের মায়ের ওপর হামলা করতে এগিয়ে গেলে সাদমানের নানা খলিল বেপারি বাধা দেন। এসময় হামলাকারীরা তাকে মারাত্মকভাবে আহত করে। গুরুতর আহত অবস্থায় খলিল বেপারিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রসঙ্গত, সাদমান শরীফ সিলেটের পরিচিত ছাত্রনেতা হিসেবে দীর্ঘদিন সক্রিয় ছিলেন। যুক্তরাজ্যে অবস্থানকালে তিনি ছাত্রলীগের সঙ্গে যুক্ত আছেন এবং লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন Voice For Human Rights–এর মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। সংগঠনটির হয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আন্দোলনসহ সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার, বিএনপি–জামাত ও বিভিন্ন ছাত্র নেতৃবৃন্দের বিরুদ্ধে সমালোচনামূলক পোস্ট করায় তার পরিবার মনে করছে—এসব কর্মকাণ্ডের জের ধরেই পুনরায় এই হামলার ঘটনা ঘটেছে।
সাদমান শরীফের পরিবারের দাবি, পরিকল্পিতভাবে মব তৈরি করে তাদের বাসায় হামলা চালানো হয়। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন।
ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তবে এ ঘটনায় পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।