ডেস্ক রিপোর্ট :
সিলেটের বাজারে ধীরে ধীরে বাড়ছে শীতকালীন সবজির সরবরাহ। ফুলকপি, বাঁধাকপি, শিম, টমেটো, গাজর, নতুন আলুসহ স্থানীয়ভাবে উৎপাদিত নানা সবজি এখন প্রায় সব বাজারেই পাওয়া যাচ্ছে। তবু দাম কমেনি; বরং কিছু পণ্যের দর উল্টো বাড়ছে।
শনিবার সিলেট নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, এক সপ্তাহের ব্যবধানে প্রতিকেজি শিম ৭০–৮০ টাকা থেকে বেড়ে ১০০–১২০ টাকায় বিক্রি হচ্ছে। ফুলকপি মিলছে ৮০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৭০ টাকা। টমেটো বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি, করলা ৮০ টাকা, বাঁধাকপি ৫০ টাকা, শসা ৭০ টাকা এবং লাউ প্রতি পিস ৮০ টাকায়।
এ ছাড়া গাজর ৮০ টাকা, বেগুন ৬০ টাকা, মুলা ৬০ টাকা, পটল ৭০ টাকা, কচুমুখী ৬০–৭০ টাকা এবং ধনেপাতা ১৫০–১৬০ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে।
বাজারে কেনাকাটা করতে আসা ক্রেতা হাফিজুর রহমান বলেন, “শীত এলেই সবজির দাম কমার কথা। কিন্তু এখন মনে হয় সবকিছুর দামই বাড়ছে।”
অন্যদিকে সবজি বিক্রেতা রশিদ মিয়ার ভাষ্য, “নতুন মৌসুমের সবজি আসতে শুরু করেছে ঠিকই, কিন্তু সরবরাহ পুরোপুরি বাড়েনি। কয়েক দিনের মধ্যেই দাম কমে যাবে।”
ব্যবসায়ী সামছুল আলম জানান, মৌসুমের শুরুতে সবসময়ই সবজির দাম কিছুটা বেশি থাকে। জমিতে ফলন পুরোপুরি আসলে বাজার স্বাভাবিক হয়ে যাবে।