নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ছয়টি আসনের মধ্যে তিনটিতে দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার সকালে সিলেট নগরীর দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সদস্য সচিব আখতারুল হোসেন আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।
ঘোষিত তালিকা অনুযায়ী, সিলেট-৩ (বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, দক্ষিণ সুরমা) আসনে শাপলা কলি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার নূরুল হুদা জুনেদ।
প্রার্থী ঘোষণার পর থেকেই তিনি নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামের বাজারে গণসংযোগ, পথসভা এবং বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের মধ্যে শাপলা কলির বার্তা ছড়িয়ে দিচ্ছেন। স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময়, সমস্যাবলী শোনা এবং উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি জানিয়ে ইতিমধ্যে এলাকাজুড়ে তার প্রচার–প্রচারণা ব্যাপক গতি পেয়েছে।
এনসিপির নেতাকর্মীরাও সিলেট-৩ আসনের সর্বত্র শাপলা কলির পক্ষে লিফলেট বিতরণ, পোস্টারিং এবং বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করছেন। দলটির পক্ষ থেকে জানানো হয়, “আগামী নির্বাচনে জনসমর্থন ও পরিবর্তনের রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে শক্তিশালী প্রার্থী হিসেবে ব্যারিস্টার জুনেদকে মনোনয়ন দেওয়া হয়েছে।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।