নিজস্ব প্রতিবেদক :
সিলেটের ফেঞ্চুগঞ্জে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর আয়োজিত এ বিক্ষোভ মিছিলে অংশ নেন সিলেট–৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থী ও স্থানীয়রা বিভিন্ন স্লোগানে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এসময় ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের নয়, এটি সমাজ ও রাষ্ট্রের জন্য একটি গুরুতর অপরাধ। অবিলম্বে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে সমাজে অপরাধ বেড়ে যাবে। তাই এ ধরনের নৃশংস হত্যাকাণ্ডের ক্ষেত্রে প্রশাসনকে কঠোর ও নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।
বিক্ষোভ মিছিলটি ফেঞ্চুগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।