ডেস্ক রিপোর্ট :
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রভাবে দেশের জ্বালানি খাতে সাময়িক সংকট সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। সম্ভাব্য জনদুর্ভোগ এড়াতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিশেষ নির্দেশনা জারি করেছে।
বুধবার (৪ মার্চ) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ বিঘ্নিত হচ্ছে। এর ফলে বাংলাদেশে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হতে পারে, যা বিদ্যুৎ উৎপাদন ও সার উৎপাদনেও সাময়িক হ্রাস ঘটাতে পারে।
এ পরিস্থিতি মোকাবিলায় মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক জরুরি পর্যালোচনা সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এতে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) চেয়ারম্যান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় সাধারণ জনগণকে বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানানো হয়। অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করতে বলা হয়েছে। পাশাপাশি ব্যক্তিগত যানবাহনের ব্যবহার কমিয়ে গণপরিবহন ব্যবহারে উৎসাহিত করা হয়েছে।
এছাড়া খোলা বাজারে ডিজেল ও পেট্রোল বিক্রয় বন্ধ রাখতে ব্যবসায়ী ও আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জ্বালানি পাচার রোধে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিজিবিকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, বৈশ্বিক পরিস্থিতির নেতিবাচক প্রভাব কমাতে ইতোমধ্যে সম্ভাব্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখতে বিভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগও অব্যাহত রয়েছে। একই সঙ্গে জনগণকে ধৈর্যধারণ ও সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।