খেলাধুলা ডেস্ক :
রংপুর বিভাগকে ১৩ রানে হারিয়ে জাতীয় নারী ক্রিকেট লিগের শিরোপা জিতেছে বরিশাল বিভাগ। ৭ ম্যাচে ৬ জয় নিয়ে ১২ পয়েন্টে শীর্ষে থেকেই তারা শিরোপা নিশ্চিত করে। রান রেটে এগিয়ে থেকে রানার্স আপ হয়েছে খুলনা, শেষ ম্যাচে ঢাকা বিভাগকে ৬ উইকেটে হারিয়ে।
বিকেএসপিতে বরিশালের ১৩৭ রানের ইনিংসে ফারজানা হক করেন ৫২ বলে ৫১ এবং সুমি আক্তার ৪৫ বলে ৪৭ রান। সাদিয়া আক্তার অপরাজিত ২১ রান করেন। জবাবে রংপুর শুরুতেই চাপে পড়ে এবং শেষ দিকে লাকি আক্তারের ১৮ বলে ৩২ রান সত্ত্বেও ১৩ রানেই হেরে যায়। বরিশালের রাবেয়া, হ্যাপি আলম ও ফাতেমা আক্তার নেন দুটি করে উইকেট।
দারুণ পারফরম্যান্সের জন্য ৭ ম্যাচে ১৭৯ রান ও ৯ উইকেট নিয়ে লিগসেরা নির্বাচিত হয়েছেন বরিশাল অধিনায়ক রাবেয়া খান। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী শামিমা সুলতানা (২৭৫) এবং সর্বোচ্চ উইকেট শিকারি ফাতমা জাহান সোনিয়া ও সুলতানা খাতুন (১৪ করে)। প্রতিশ্রুতিশীল ক্রিকেটারের পুরস্কার জিতেছেন জুরাইয়া ফেরদৌস জয়িতা।